Sunday, July 30, 2017

আদিবাসীদের ভূমিকেন্দ্রিক কিছু ঘটনাবলী

           আদিবাসীদের ভূমিকেন্দ্রিক কিছু ঘটনাবলীঃ

------------------------------------------------------------------------------------------------------------------
আদিবাসীদের ভূমি দখলের প্রক্রিয়া চলছে দশকের পর দশক ধরে। নিচে কিছু ঘটনা তুলে ধরছি, যেখানে গেলো এক/দুই বছরে আদিবাসীদের ভূমি দখল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকেন্দ্রিক বিরোধ, হত্যা, ধর্ষণ, মামলা- মোকাদ্দমার বিবরণ পাওয়া যাবে। পুরো উচ্ছেদ ও দখলি প্রক্রিয়ার এ এক ক্ষুদ্র অংশ মাত্র।
১.    দিনাজপুর: জেলার পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে, আদিবাসীদের কাছে যা চিড়াকূটা নামে পরিচিত, ২৪ জানুয়ারি ২০১৫ সকালে ভূমিদস্যুরা সেখানে হামলা চালিয়ে আদিবাসী গ্রামকে ধ্বংসস্তুপে পরিণত করে দিয়েছে। ভূমিদস্যুরা শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, আদিবাসীদের সহায় সম্বল সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এমনকি গ্রামের টিউবওয়েল পর্যন্ত খুলে নিয়ে গেছে এবং ঘটনাস্থল ত্যাগ করার আগে আদিবাসীদের বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে ও গর্ভবতী একজন নারীসহ আদিবাসী নারীদের মারধর ও শ্লীলতাহানি করেছে। আদিবাসীরা সহায় সম্বলহীন হয়ে খোলা আকাশের নিচে খুবই মানবেতর জীবন যাপন করছে। এই ঘটনায় আমরা গভীরভাবে লক্ষ করেছি, আদিবাসীদের সাথে ভূমিদস্যুদের সংঘর্ষে একজন নিহত হওয়ার পরে ভূমিদস্যুরা খুবই চতুরতার সাথে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আদিবাসীদের পুরো গ্রামটিকে ধূলিসাৎ করে দিয়েছে। নিহতের পরিবারের পক্ষে ২৮ জনের নামসহ ১৪ জনকে অজ্ঞাত করে আদিবাসীদের বিরুদ্ধে হত্যা মামলাও দেওয়া হয়েছে।
২.    চাঁপাইনবাবগঞ্জ: ২০১৪ সালের আগস্টে আদিবাসী নারী নেত্রী বিচিত্রা তির্কি নিজের কৃষিজমি চাষ করার সময় ধর্ষণ ও শারীরিক আক্রমণের শিকার হন, তার বাড়িঘর ভাংচুর করা হয়; কিন্তু অপরাধীরা ক্ষমতাসীন দলের সদস্য হওয়ার কারণে আইনি প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। এর মূলেও ভূমি বিরোধ।
৩.    রাজশাহী: ২০১৫ সালের ৯ জানুয়ারি রাজশাহী কলেজের ছাত্র বাবলু হেমব্রমকে নিজ বাসায় জবাই করা হয়; বাবলু আদিবাসী ছাত্রদের একজন নেতৃস্থানীয় সংগঠক। উত্তরবঙ্গের আদিবাসী আন্দোলনে ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক ছড়াতে পাশবিক এ হত্যাকাণ্ড চালানো হয়। আজ অবধি কেউ গ্রেপ্তার হয়নি।
৪.   কাপ্তাই: ১৪ ডিসেম্বর ২০১৪-এ কাপ্তাইতে ছবি মার্মা নামের এক অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর মেরে ফেলা হয়েছে।
৫.   শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজহাট ইউনিয়নের নাহার চা বাগানের আসলম খাসিয়া পুঞ্জীতে ৩০ শে মে ২০১৪ ঘর উত্তোলন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও একজনের মৃত্যু হয়। পরস্পর বিরোধী মামলা হয়। পুঞ্জীর খাসিয়া আদিবাসীরা প্রান্তিক এবং চা শ্রমিকরা আরও প্রান্তিক। পুঞ্জী দখল থেকে ঘটনার সূত্রপাত। মূলত চা বাগান কর্তৃপক্ষ প্রতিবছর আড়াই একর করে বাগান সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিনিয়ত এগুচ্ছে এবং এর আওতাধীন খাসিয়া পুঞ্জীর লোকজনকে পুঞ্জী ছাড়ার জন্য বলে আসছে। ১৯৬০ সালে প্রায় ৩৫০ হেক্টর জায়গা নিয়ে গড়ে ওঠে নাহার চা বাগান। নাহার চা বাগান থেকে ২০০ একর জায়গা নিয়ে ১৯৮২ সালে গড়ে ওঠে আসলম বা নাহার পুঞ্জি-১। পাশাপাশি কাইলিন পুঞ্জিটি গড়ে ওঠায় সেটিও নাহার পুঞ্জি-২ নামে পরিচিতি পায়। পুঞ্জির লোকজন বছরে ২৫ হাজার টাকা ইজারার জন্য খাজনা হিসেবে নাহার চা বাগানকে দেয়। নাহার পুঞ্জির বর্তমান কর্তৃপক্ষ আসলম পুঞ্জির খাসিদের প্রতি বছর ২০ একর করে জমি ছেড়ে দিয়ে পুঞ্জির জায়গাটি ছেড়ে দেয়ার কথা বলে। চা বাগানের আয়তন বাড়াতে প্রতি বছর খাসিয়াদের উচ্ছেদ করা হচ্ছে। রাষ্ট্র খাসিয়া ও চা বাগানিদের ভূমির সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য। কোনো এজেন্সি, বাহিনী বা করপোরেট সংস্থা যদি রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর হয়ে যায় তাহলে কীভাবে এর সমাধান হবে? খাসিয়া জনগণের পুঞ্জী ও বসতের যাবতীয় সুরক্ষা নিশ্চিত করে কীভাবে চা বাগানের বিকাশ ঘটানো যায়, তা রাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ জনগণের, খাসি ও চা বাগানিদের রক্ত জল করা পান ও চায়ের আয়ে রাষ্ট্রীয় বাজেট তৈরি হয়।
৬.    বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ক্রাইক্ষ্যং-হাংসামাপাড়া এলাকায় আদিবাসীদের শ্মশান ভূমি ও জুম- জমিতে বিজিবির সেক্টর সদর দপ্তর নির্মাণের কাজ চলছে। জায়গাটা এখন কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো; বিজিবি সেখানে টহল বসিয়েছে, অস্ত্রহাতে জওয়ানরা পাহারা দিচ্ছে। আদিবাসীদের তাদের নিজেদের জায়গায় আর ঢুকতে দেওযা হচ্ছে না। উচ্ছেদের ভয়ের মধ্যে আদিবাসীরা দিনাতিপাত করছে; জমি অধিগ্রহণে আগাম ঘোষণা দেওয়া হয়নি, আদিবাসীদের সঙ্গে কথা বলা হয়নি; এ প্রক্রিয়ায় সার্কেল চিফ/রাজা কিংবা হেডম্যানের কোনো সুপারিশও নেওয়া হয়নি। এটি স্পষ্টত শান্তিচুক্তির লংঘন। পার্বত্য শাসনবিধি ১৯০০ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে খাসজমি বলে কিছু নেই, জমির মালিকানা স্বত্ব হেডম্যান/সার্কেল চিফের হাতে ন্যস্ত থাকে; কিন্তু কোনো বিধি-রীতির তোয়াক্কা এখানে করা হচ্ছে না।
৭.   রাঙ্গামাটি: চাপিয়ে দেওয়া সেটেলমেন্ট প্রক্রিয়ায় গেলো ২৪/২৫ বছর ধরে জ্যামিতিক হারে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের বসতি স্থাপনের প্রকল্প চলছে; প্রধানত শিক্ষাবঞ্চিত প্রান্তিক বাঙালিদেরকেই পাহাড়ে পুনর্বাসন করা হতো; আর রাঙামাটিতে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এখন শিক্ষিত বাঙালিদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে আদিবাসীরা মনে করেন। তাদের ভয়, এটা জুম্ম ও স্থানীয় অধিবাসীদের তাদের নিজস্ব জায়গা-জমি ও বসতবাটি হতে উচ্ছেদকরণ ত্বরান্বিত করবে। মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের ১০    জানুয়ারি ২০১৫ সকাল-সন্ধ্যার অবরোধকে কেন্দ্র করে পাহাড়ের চিরপরিচিত জাতিগত সহিংসতার পুনরাবৃত্তিই জাতি লক্ষ করল। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বগাছড়িরর ধ্বংসযঞ্জের রেশ না কাটতেই রাঙ্গামাটি শহরের ঘটনাবলী দেশবাসীর জন্য নতুন কোনো শুভবার্তা নিয়ে আসেনি। দিনের পর দিন এসব অন্যায়-অবিচারের কোনো বিচার হয়নি, ফলে বিচারহীনতায় আদিবাসীদের নিরাপত্তাহীনতা বেড়ে চলেছে ক্রমাগত। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খুন-ধর্ষণ-জমি দখল।
জ. রাজবাড়ী: রাজবাড়িতে বাগদা আদিবাসীদের বসবাস। সেখানে জানুয়ারি মাসে মা- মেয়ে যুগপৎ ধর্ষণের শিকার হন। বিচার কি হবে? সংশয় একশো ভাগ। সমস্যার মূলে ওই ভূমি আত্মসাৎ।
৮.   পটুয়াখালি-বরগুনা: বছরের পর বছর ধরে রাখাইন আদিবাসীদের জমি, শ্মশান, উপসনালয় সব দখল হয়ে যাচ্ছে; স্বাধীনতার প্রারম্ভিক কালে লক্ষাধিক রাখাইন এ অঞ্চলে বাস করতেন; এখন তাদের সংখ্যা মাত্র আড়াই হাজারে নেমে এসেছে। 'আনপিপলিং'-এর চূড়ান্ত উদাহরণ বাংলাদেশের এই রাখাইন জনগোষ্ঠী।
৯.   নানিয়ার চর: বিজয় দিবস ২০১৪ সকালে রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি-চৌদ্দমাইল এলাকায় তিনটি পাহাড়ি গ্রাম সুরিদাশ পাড়া, বগাছড়ি ও নবীন তালুকদার পাড়ায় আদিবাসীদের ৭টি দোকান ও ৫৪টি বসত বাড়ি জ্বালিয়ে, পুড়িয়ে, কুপিয়ে ক্ষতিগ্রস্থ ও নিঃশেষ করা হয়েছে। আশ্চর্য হবেন যে, আক্রমণ থেকে বুদ্ধ ধর্মের পীঠস্থান কিয়াং পর্যন্ত রক্ষা পায়নি, ভিক্ষুকে পর্যন্ত মারধর করা হয়েছে। উবাসা ভিক্ষু ভয়ে পালায়নি, কিন্তু দেবতা বুদ্ধের মূর্তিকে অসম্মানের হাত থেকে রক্ষা করতে পারেন নি, মূর্তি চুরি হয়েছে, ভূলুন্ঠিত করা হয়েছে। আশি বছরের প্রিয়বালার যাবার জায়গা নেই, দেবরের ছেলে অরূপের আশ্রয়ে আছে। এখন তো আশ্রয়দাতারও আশ্রয় নেই। বাঙালি সেটলারদেরকে পাহাড়ী জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। টিকে থাকার সংগ্রামে তারা জায়গা দখল করে, পুর্নদখল ও জবরদখল চালায়। পাহাড়ীরাও ভুমি উদ্ধার, জমি দখল ঠেকাতে চেষ্টা করে। কিন্তু কার জমি কোনটা এ সমস্যার সমাধান থানায় আর হয় না। প্রথাগত আইন অনুসারে, পাহাড়ের জমির মালিক আদিবাসী জনগণ। সেখানকার প্রথাগত আইনে ভূমি ক্রয়- বিক্রয় - এ মৌজা হেডম্যানের সুপারিশ বাধ্যতামূলক। কিন্তু পুনর্বাসিত বাঙালিরা দখল বা ক্রয়ের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলে না। জেলা প্রশাসন কিংবা সেনাপ্রশাসনও এই নিয়মনীতির তোয়াক্কা করে না। তাই ভূমি সমস্যার সৃষ্টি হয়, টিকে থাকে, জিইয়ে রাখা হয়।
এছাড়া ভূমি সমস্যা নিয়ে খবরের কাগজে ২০১৪ সালে প্রকাশিত আরো কিছু খবর যোগ করা যায়: দৃষ্টির বাইরে সমতলের আদিবাসীরা (প্রথম আলো, ০৯ আগস্ট'১৪); নীরবে বাস্তভিটা ছাড়ছে গারোরা: মধুপুরে অস্তিত্ব সংকটে কোচরা: সিলেটে ভূমি রক্ষার নিরন্তর লড়াই (সমকাল, ০৯ আগস্ট'১৪); ভূমি বিরোধে বান্দরবান, রংপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় ৬ জন নিহত (ডেইলি স্টার, ০৬ ফেব্রুয়ারি'১৪); ভূমির জন্য আদিবাসীদের ওপর সহিংসতা বাড়ছে: আদিবাসীদের তিন হাজার ৮২৬ একর জমি দখল, ২৬ পরিবার উচ্ছেদ, ধর্ষণ, হত্যা, শারীরিক নিগ্রহ, ধর্ষণচেষ্টা ও অপহরণের ঘটনা ৬৭টি (প্রথম আলো, ২৪ ফেব্রুয়ারি'১৪); জামালপুরে জমিসংক্রান্ত বিরোধে আদিবাসী পরিবারে হামলা, বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৭ (জনকণ্ঠ, ০৯ জানুয়ারি'১৪); পাহাড় থেকে পাহাড়ে অনিশ্চিত জীবন: যৌন নিপীড়নের শিকার আদিবাসী নেত্রীর পাশে সংসদীয় ককাসের সদস্যরা (প্রথম আলো, ০৯ আগস্ট'১৪) রাখাইনদের রক্ষার আহ্বান নাগরিক প্রতিনিধি দলের (সমকাল, ০৯ সেপ্টেম্বর'১৪); ভূমি কমিশন চেয়ে চাপাইনবাবগঞ্জে আজ লংমার্চে নামছে আদিবাসীরা (প্রথম আলো, ২৭ আগস্ট'১৪); ভূমি অধিকারের লড়াই বাধাগ্রস্ত করতে ধর্ষণ নির্যাতন চলছে (কালের কন্ঠ, ১৯ আগস্ট'১৪); চাপাইনবাবগঞ্জে আদিবাসী নেত্রীকে ধর্ষণের নেপথ্যে ভূমি বিরোধ: সংসদীয় ককাসের অভিযোগ (প্রথম আলো ১৯ সেপ্টেম্বর'১৪); পাহাড় ও সমতলে আদিবাসিদের জমি দখল করা হচ্ছে: সংবাদ সম্মেলনে সংসদীয় ককাস (সমকাল ১৯ সেপ্টেম্বর'১৪); জমি হারিয়ে দেশান্তরি হচ্ছে ক্ষুদ্রজাতি (কালের কন্ঠ, ০৭ নভেম্বর'১৪) ইত্যাদি।
বলা বাহুল্য এ তালিকা দীর্ঘতর, করুণ, দানবীয় আর অমানবিক।

Tuesday, February 14, 2017

ভ্রমের ঘূর্ণি

ভ্রমের ঘূর্ণি
------------------
ললনা
তুমি কোমল গোলাপি ঠোঁটে
মিষ্টি হাসি আঁকিও না।
আমি ভেবে নেই
তুমি আমাকে মুগ্ধ করার
জন্যই এমন করে হাসো।
আমি ভেবে নেই
তুমি আমার প্রেমে উন্মত্ত।
আমার ভালবাসার ফুল বাগানে
তুমি ভিড়েছ মৌমাছির মতো।
পাতায়,ডালে ফুলে যত্রতত্র।

ললনা
তুমি ঈষৎ বাঁকা চোখে
তাকিও না।
আমি ভেবে নেই
তুমি আমার প্রেমে
লুটপাট হয়ে গেছো।
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা
পেতে,মায়া ছুঁড়ছো।
আমি ভেবে নেই
মায়ার বিনিময়ে মায়া
পেতে,তুমি আমার প্রেমে
পাপড়ি মেলে ফুটছো ।।
ললনা
তুমি হঠাৎ তোমার পথচলার
গতি শ্লথ করিও না।
আমি ভেবে নেই
আমার জন্যই তোমার
পথচলার এই মন্থরতা।
আমি ভেবে নেই
তুমি আমার ভালবাসা ক্ষেত্রের
বাইরে যেতে একদমই নারাজ।
আমি এও ভেবে নেই
আমার ভালবাসার রঙ্গিন পৃথিবীতে
থাকতেই তোমার দৃপ্ত পায়ে
পথচলার এই বর্ণিল সাঁজ ।।
আমার ভ্রমের ঘূর্ণি থামে না।
আমি ভূলে যাই,
ভালোবাসা একটি কালবৈশাখী ঝড়।
আমি ভূলে যাই
ভালোবাসার উত্তাপ অতি প্রখর ।।

একদিন এই পৃথিবী টেনে নিবে

একদিন এই পৃথিবী টেনে নিবে
---------------------------------------
আমি জানি,
আমাকে একদিন এই পৃথিবী
টেনে নিবে,তার পৃথিবী দেখাতে।
আমি এটাও জানি
আমাকে আর এই পৃথিবী
খেলতে দিবে না দিনে,শুতেও দিবে না রাতে।

অথচ এই পৃথিবীর টানেই আমি
খেলেছি পুরোটা দিন।
সকাল-দুপুর-বিকেলে খেলেও
আমি ছিলাম ক্লান্তিহীন ।।
আমি জানি,
আমাকে একদিন এই পৃথিবী
টেনে নিবে,তার পৃথিবী দেখাতে।
আমি এটাও জানি,
আমাকে আর এই পৃথিবী
গল্প করতে দিবে না,খেতেও দিবে না মায়ের সাথে।
অথচ এই পৃথিবীর টানেই আমি
ছুটে এসেছি মায়ের কোলে
গল্প করেছি,একসাথে খেয়েছি
দুখে-সুখে-ভয়ে মুখ লুকিয়েছি মায়ের আঁচলে।
আমি জানি,
আমাকে একদিন এই পৃথিবী
টেনে নিবে,তার পৃথিবী দেখাতে।
আমি এটাও জানি,
আমাকে আর এই পৃথিবী
প্রেমিকার ঠোঁটে ঠোঁট মিলাতে দিবে না
ঘুরতেও দিবে না পড়ন্ত বেলাতে ।।
অথচ এই পৃথিবীর টানেই আমি
প্রেমিক হয়ে মিশেছি প্রেমিকার হৃদয়ে
হাতে-হাত রেখে শক্ত করেছি বন্ধন
দূরে-অদূরে হারিয়ে না যাওয়ার ভয়ে ।।

হৃদয় জুড়েই

হৃদয় জুড়েই
---------------------------
সত্যিই বলছি প্রিয়তমা
আজকাল আর তোমাকে মনে পড়ে না।
ভালোকরেই ভূলে গেছি তোমায়।

.
প্রিয়তমা,
আমি আজকাল অবাক উৎসাহী হই
ধবধবে ধবল 'পদ্মা' 'কপোতাক্ষ' 'চামেলির' দাড়ানোর ভঙ্গিমায়।
আমি মুগ্ধও হই,পৌঁছে যাই মুগ্ধতার সীমানায়।
তোমার দাড়ানোর ভঙ্গিমা কখনোই আমাকে এতটা মুগ্ধ করে নি।
.
প্রিয়তমা,
আমি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি "বৈশাখী চত্বরের" কাছে হেরেছে তোমার মসৃণ হৃদয়ের বিশালতা।
তাই আর মনে পড়ে না তোমায়
ভূলে গেছি তোমায়,ভূলে গেছি তোমার কথা ।।
.
প্রিয়তমা,
"পদ্মা" "কপোতাক্ষের" সম্মুখেই হাটু গেড়ে বসে থাকা দীঘি দুটিতে ফুটন্ত-অফুটন্ত রক্তাভ লাল পদ্মের সৌন্দর্য চুষতেই আমার এতটা ব্যস্ততা।
যতটা ব্যস্ততা কখনো ছিলনা আমার তোমার উৎফুল্ল হরিনীর মত নয়নযুগল দেখতে।
.
প্রিয়তমা,
"বাকাল গ্রাউন্ডের" ঘনসবুজ ঘাসের সঙ্গে আমার নগ্ন পায়ের সংযোগে আমি যতটা শিহরিত হই-
তোমার অনুগ্র শরীর স্পর্শেও আমি ততটা শিহরিত হই না।
তাই আর তোমায় মনে পড়ে না।
.
প্রিয়তমা,
তুমি আমার চোখেও নেই,হৃদয়েও নেই
তোমায় পাগলের মত ভূলে গেছি।
.
প্রিয়তমা,
আমি আজকাল আমার হৃৎপিন্ডের সঙ্গে গেথে রেখেছি লাল পদ্ম আর "বাকাল গ্রাউন্ড"।
আমার শরীরের সঙ্গে চুম্বকের মত গেথে রেখেছি "বৈশাখী চত্বরকে" "পদ্মাকে" "কপোতাক্ষকে" ।
.
প্রিয়তমা,
আমি উপলব্ধি করতে পেরেছি
আমার ভিতরে-বাহিরে পুরোটা হৃদয় জুড়েই  ।।

আমি নারী বলেই হয়তো

আমি নারী বলেই হয়তো
আমার দেহটা
অতি যৌবনসমৃদ্ধ পুরুষদের
একটি তুচ্ছ খেলনা ।।
একবার,শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য
ভেবে যেটাকে ছুঁড়ে ফেলা দেয়া হয়
চিহ্নিত কালভার্টের নিরাপদ কোটরে।

আমি নারী বলেই হয়তো
আমার দেহ নিয়ে
কাঠ ঠোকরার মত ঠুকরে ঠুকরে
খেলেছে কিছু লম্বা সুগড়নের পুরুষ।
বাঁধা দিতে গিয়ে
বাড়িয়ে নিয়েছি কিছু
প্রশিক্ষণপ্রাপ্ত হাতের কিল-ঘুষি।
জীবনের প্রগাঢ় অন্ধকার
রাতের কালো অন্ধকারের সঙ্গে
জমাট বেধে মনে করে দিচ্ছে
'কতগুলো বুট' ছন্দে ছন্দে
দখল করছে আমার দেহটার
অনেকটা অংশ।
শরীরের সঙ্গে সঙ্গে
অন্য কিছু একটাও ছিড়ছে।
তাক লাগিয়ে আমার অনাবৃত শরীর
দেখেছে পুরো বিশ্ব।
আমি নারী বলেই হয়তো।
আমি নারী বলেই হয়তো
আমাকে ঈশ্বরের পরাজয়
দেখতে হলো শয়তানের
সুক্ষ্ম কালো থাবার তলে।
আমি ক্ষত-বিক্ষত সেই অনাবৃত
শরীর থেকে ছুটে এসেছি
ঈশ্বরের পরাজয়ের বদলা নিতে।
আশ্রয় নিয়েছি গোটা বাংলার
অনেক অনেক পুরুষের
বিবেকবৃক্ষের মূলে-
অনেক অনেক নারীর
বিবেকবৃক্ষের মূলে।
হয়তো পারবো,হয়তো পারবো না।

কতটা ভালবাসি তোমায়

কতটা ভালবাসি তোমায়

প্রিয়তমা,
গভীর ভালবেসে তুমি বাড়িয়ে
দিয়েছো যে হাত,ঈশ্বরের দোহাই
সেটা গুটিয়ে নাও।
আমি তোমার হাত
স্পর্শ করতে পারবো না।
কেননা এই হাতেই আমি চুরি করেছি
আমার পরিচিত-অপরিচিত অনেক
গরীবের দুঃখে কষ্টে জমানো ধন।
এই হাতেই পিটিয়েছি কারনে-অকারনে
নিরীহ নিরপরাধ ক্ষুধার্ত শ্রমিককে।যারা
হা-মুখে ছুটে এসেছিল এই রাজধানীতে
খাবারের সন্ধানে। নিজের জন্য,
প্রিয়তমা স্ত্রীর জন্য আর
আদরের সন্তানের জন্য।
.
প্রিয়তমা
তুমি কামুক চোখে চুম্বনের উদ্দেশ্যে
তোমার ঠোঁটদুটো নিক্ষেপ
করো না আমার ঠোঁটের ডগায়।
আমি চুম্বন করতে পারবো না।
কেননা এই আমার পাপাচ্ছন্ন ঠোঁটেই
আমি চুম্বন কেটেছি বারবার
বহু বেশ্যার বেশ নমিত-স্ফীত স্তনযুগলে।
আমি পাপী।আমার হাত কলুষিত
আমার ঠোঁট কলুষিত।আমি কলুষিত।
.
প্রিয়তমা
আমার মুখে শুনতে চেয়ো না
'ভালোবাসি তোমায়' কথাটা ।
আমি তা বলতে পারবো না।
কেননা আমার মুখেই আমি তৈরি
করেছি গালিগালাজ কথ্য-অকথ্য ভাষায় এবং ছুড়েছি এক সর্বহারা
বিধবাকে লক্ষ করে।
মুখের কথায় কষ্ট দিয়েছি
বেশ কয়েকবার কয়েক তরুন
সাহায্য প্রার্থনাকারীকে।
যারা সাহায্য চাইতে এসেছিল
অন্ধবাবার জন্য,বৃদ্ধা-পঙ্গু মায়ের
জন্য,তালাকপ্রাপ্ত বোনের বিয়ের জন্য।
.
তাই এই মুখে 'ভালোবাসি' বলে
ভালবাসাকে কলুষিত করতে

চাই না।
তবে হৃৎপিন্ড ছিড়ে দেখাতে চাই
"কতটা ভালবাসি তোমায়"।

বয়ঃসন্ধি কুন্ডলী পাঁকিয়ে পাঁকিয়ে

বয়ঃসন্ধি কুন্ডলী পাঁকিয়ে পাঁকিয়ে দাঁড় করিয়ে রেখেছে যে মেয়েটাকে-

.
সেই মেয়েটা কী ক'রে বুঝবে
তার ভালোবাসা ছুঁয়ে দ্যাখবার জন্য যে ছেলেটা,
হাতে তুলে নিয়েছে বিষের পেয়ালা
এবং উদ্ধত হয়েছে গিলবার জন্য।
_
সেও একদিন প্রতারণার মানপত্র
পাঠ করবে এই ভালবাসার সুগঠিত মঞ্চেই।।
.

কিভাবে বিশ্বাস এসে কড়া নাড়বে
তার মায়াবী চোখের দরোজায়
সেই ছেলেটার জন্য,
যে অপেক্ষায় কান বিছিয়ে রেখেছে শব্দতরঙ্গে-
একটি না বোধক বাক্যের জন্য।।
.
তারপর,হ্যা তারপর-
নিজের আবিষ্কর্তাদের মুখে 'থু' দিয়ে
ষোল তলা থেকে লাফিয়ে পড়বে
ভালোবাসার অতিরিক্ত অভিকর্ষজ ত্বরনে।।