Tuesday, February 14, 2017

আমি নারী বলেই হয়তো

আমি নারী বলেই হয়তো
আমার দেহটা
অতি যৌবনসমৃদ্ধ পুরুষদের
একটি তুচ্ছ খেলনা ।।
একবার,শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য
ভেবে যেটাকে ছুঁড়ে ফেলা দেয়া হয়
চিহ্নিত কালভার্টের নিরাপদ কোটরে।

আমি নারী বলেই হয়তো
আমার দেহ নিয়ে
কাঠ ঠোকরার মত ঠুকরে ঠুকরে
খেলেছে কিছু লম্বা সুগড়নের পুরুষ।
বাঁধা দিতে গিয়ে
বাড়িয়ে নিয়েছি কিছু
প্রশিক্ষণপ্রাপ্ত হাতের কিল-ঘুষি।
জীবনের প্রগাঢ় অন্ধকার
রাতের কালো অন্ধকারের সঙ্গে
জমাট বেধে মনে করে দিচ্ছে
'কতগুলো বুট' ছন্দে ছন্দে
দখল করছে আমার দেহটার
অনেকটা অংশ।
শরীরের সঙ্গে সঙ্গে
অন্য কিছু একটাও ছিড়ছে।
তাক লাগিয়ে আমার অনাবৃত শরীর
দেখেছে পুরো বিশ্ব।
আমি নারী বলেই হয়তো।
আমি নারী বলেই হয়তো
আমাকে ঈশ্বরের পরাজয়
দেখতে হলো শয়তানের
সুক্ষ্ম কালো থাবার তলে।
আমি ক্ষত-বিক্ষত সেই অনাবৃত
শরীর থেকে ছুটে এসেছি
ঈশ্বরের পরাজয়ের বদলা নিতে।
আশ্রয় নিয়েছি গোটা বাংলার
অনেক অনেক পুরুষের
বিবেকবৃক্ষের মূলে-
অনেক অনেক নারীর
বিবেকবৃক্ষের মূলে।
হয়তো পারবো,হয়তো পারবো না।

No comments:

Post a Comment