Sunday, July 30, 2017

আদিবাসীদের ভূমিকেন্দ্রিক কিছু ঘটনাবলী

           আদিবাসীদের ভূমিকেন্দ্রিক কিছু ঘটনাবলীঃ

------------------------------------------------------------------------------------------------------------------
আদিবাসীদের ভূমি দখলের প্রক্রিয়া চলছে দশকের পর দশক ধরে। নিচে কিছু ঘটনা তুলে ধরছি, যেখানে গেলো এক/দুই বছরে আদিবাসীদের ভূমি দখল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকেন্দ্রিক বিরোধ, হত্যা, ধর্ষণ, মামলা- মোকাদ্দমার বিবরণ পাওয়া যাবে। পুরো উচ্ছেদ ও দখলি প্রক্রিয়ার এ এক ক্ষুদ্র অংশ মাত্র।
১.    দিনাজপুর: জেলার পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে, আদিবাসীদের কাছে যা চিড়াকূটা নামে পরিচিত, ২৪ জানুয়ারি ২০১৫ সকালে ভূমিদস্যুরা সেখানে হামলা চালিয়ে আদিবাসী গ্রামকে ধ্বংসস্তুপে পরিণত করে দিয়েছে। ভূমিদস্যুরা শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, আদিবাসীদের সহায় সম্বল সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এমনকি গ্রামের টিউবওয়েল পর্যন্ত খুলে নিয়ে গেছে এবং ঘটনাস্থল ত্যাগ করার আগে আদিবাসীদের বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে ও গর্ভবতী একজন নারীসহ আদিবাসী নারীদের মারধর ও শ্লীলতাহানি করেছে। আদিবাসীরা সহায় সম্বলহীন হয়ে খোলা আকাশের নিচে খুবই মানবেতর জীবন যাপন করছে। এই ঘটনায় আমরা গভীরভাবে লক্ষ করেছি, আদিবাসীদের সাথে ভূমিদস্যুদের সংঘর্ষে একজন নিহত হওয়ার পরে ভূমিদস্যুরা খুবই চতুরতার সাথে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আদিবাসীদের পুরো গ্রামটিকে ধূলিসাৎ করে দিয়েছে। নিহতের পরিবারের পক্ষে ২৮ জনের নামসহ ১৪ জনকে অজ্ঞাত করে আদিবাসীদের বিরুদ্ধে হত্যা মামলাও দেওয়া হয়েছে।
২.    চাঁপাইনবাবগঞ্জ: ২০১৪ সালের আগস্টে আদিবাসী নারী নেত্রী বিচিত্রা তির্কি নিজের কৃষিজমি চাষ করার সময় ধর্ষণ ও শারীরিক আক্রমণের শিকার হন, তার বাড়িঘর ভাংচুর করা হয়; কিন্তু অপরাধীরা ক্ষমতাসীন দলের সদস্য হওয়ার কারণে আইনি প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। এর মূলেও ভূমি বিরোধ।
৩.    রাজশাহী: ২০১৫ সালের ৯ জানুয়ারি রাজশাহী কলেজের ছাত্র বাবলু হেমব্রমকে নিজ বাসায় জবাই করা হয়; বাবলু আদিবাসী ছাত্রদের একজন নেতৃস্থানীয় সংগঠক। উত্তরবঙ্গের আদিবাসী আন্দোলনে ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক ছড়াতে পাশবিক এ হত্যাকাণ্ড চালানো হয়। আজ অবধি কেউ গ্রেপ্তার হয়নি।
৪.   কাপ্তাই: ১৪ ডিসেম্বর ২০১৪-এ কাপ্তাইতে ছবি মার্মা নামের এক অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর মেরে ফেলা হয়েছে।
৫.   শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজহাট ইউনিয়নের নাহার চা বাগানের আসলম খাসিয়া পুঞ্জীতে ৩০ শে মে ২০১৪ ঘর উত্তোলন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও একজনের মৃত্যু হয়। পরস্পর বিরোধী মামলা হয়। পুঞ্জীর খাসিয়া আদিবাসীরা প্রান্তিক এবং চা শ্রমিকরা আরও প্রান্তিক। পুঞ্জী দখল থেকে ঘটনার সূত্রপাত। মূলত চা বাগান কর্তৃপক্ষ প্রতিবছর আড়াই একর করে বাগান সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিনিয়ত এগুচ্ছে এবং এর আওতাধীন খাসিয়া পুঞ্জীর লোকজনকে পুঞ্জী ছাড়ার জন্য বলে আসছে। ১৯৬০ সালে প্রায় ৩৫০ হেক্টর জায়গা নিয়ে গড়ে ওঠে নাহার চা বাগান। নাহার চা বাগান থেকে ২০০ একর জায়গা নিয়ে ১৯৮২ সালে গড়ে ওঠে আসলম বা নাহার পুঞ্জি-১। পাশাপাশি কাইলিন পুঞ্জিটি গড়ে ওঠায় সেটিও নাহার পুঞ্জি-২ নামে পরিচিতি পায়। পুঞ্জির লোকজন বছরে ২৫ হাজার টাকা ইজারার জন্য খাজনা হিসেবে নাহার চা বাগানকে দেয়। নাহার পুঞ্জির বর্তমান কর্তৃপক্ষ আসলম পুঞ্জির খাসিদের প্রতি বছর ২০ একর করে জমি ছেড়ে দিয়ে পুঞ্জির জায়গাটি ছেড়ে দেয়ার কথা বলে। চা বাগানের আয়তন বাড়াতে প্রতি বছর খাসিয়াদের উচ্ছেদ করা হচ্ছে। রাষ্ট্র খাসিয়া ও চা বাগানিদের ভূমির সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য। কোনো এজেন্সি, বাহিনী বা করপোরেট সংস্থা যদি রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর হয়ে যায় তাহলে কীভাবে এর সমাধান হবে? খাসিয়া জনগণের পুঞ্জী ও বসতের যাবতীয় সুরক্ষা নিশ্চিত করে কীভাবে চা বাগানের বিকাশ ঘটানো যায়, তা রাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ জনগণের, খাসি ও চা বাগানিদের রক্ত জল করা পান ও চায়ের আয়ে রাষ্ট্রীয় বাজেট তৈরি হয়।
৬.    বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ক্রাইক্ষ্যং-হাংসামাপাড়া এলাকায় আদিবাসীদের শ্মশান ভূমি ও জুম- জমিতে বিজিবির সেক্টর সদর দপ্তর নির্মাণের কাজ চলছে। জায়গাটা এখন কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো; বিজিবি সেখানে টহল বসিয়েছে, অস্ত্রহাতে জওয়ানরা পাহারা দিচ্ছে। আদিবাসীদের তাদের নিজেদের জায়গায় আর ঢুকতে দেওযা হচ্ছে না। উচ্ছেদের ভয়ের মধ্যে আদিবাসীরা দিনাতিপাত করছে; জমি অধিগ্রহণে আগাম ঘোষণা দেওয়া হয়নি, আদিবাসীদের সঙ্গে কথা বলা হয়নি; এ প্রক্রিয়ায় সার্কেল চিফ/রাজা কিংবা হেডম্যানের কোনো সুপারিশও নেওয়া হয়নি। এটি স্পষ্টত শান্তিচুক্তির লংঘন। পার্বত্য শাসনবিধি ১৯০০ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে খাসজমি বলে কিছু নেই, জমির মালিকানা স্বত্ব হেডম্যান/সার্কেল চিফের হাতে ন্যস্ত থাকে; কিন্তু কোনো বিধি-রীতির তোয়াক্কা এখানে করা হচ্ছে না।
৭.   রাঙ্গামাটি: চাপিয়ে দেওয়া সেটেলমেন্ট প্রক্রিয়ায় গেলো ২৪/২৫ বছর ধরে জ্যামিতিক হারে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের বসতি স্থাপনের প্রকল্প চলছে; প্রধানত শিক্ষাবঞ্চিত প্রান্তিক বাঙালিদেরকেই পাহাড়ে পুনর্বাসন করা হতো; আর রাঙামাটিতে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এখন শিক্ষিত বাঙালিদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে আদিবাসীরা মনে করেন। তাদের ভয়, এটা জুম্ম ও স্থানীয় অধিবাসীদের তাদের নিজস্ব জায়গা-জমি ও বসতবাটি হতে উচ্ছেদকরণ ত্বরান্বিত করবে। মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের ১০    জানুয়ারি ২০১৫ সকাল-সন্ধ্যার অবরোধকে কেন্দ্র করে পাহাড়ের চিরপরিচিত জাতিগত সহিংসতার পুনরাবৃত্তিই জাতি লক্ষ করল। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বগাছড়িরর ধ্বংসযঞ্জের রেশ না কাটতেই রাঙ্গামাটি শহরের ঘটনাবলী দেশবাসীর জন্য নতুন কোনো শুভবার্তা নিয়ে আসেনি। দিনের পর দিন এসব অন্যায়-অবিচারের কোনো বিচার হয়নি, ফলে বিচারহীনতায় আদিবাসীদের নিরাপত্তাহীনতা বেড়ে চলেছে ক্রমাগত। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খুন-ধর্ষণ-জমি দখল।
জ. রাজবাড়ী: রাজবাড়িতে বাগদা আদিবাসীদের বসবাস। সেখানে জানুয়ারি মাসে মা- মেয়ে যুগপৎ ধর্ষণের শিকার হন। বিচার কি হবে? সংশয় একশো ভাগ। সমস্যার মূলে ওই ভূমি আত্মসাৎ।
৮.   পটুয়াখালি-বরগুনা: বছরের পর বছর ধরে রাখাইন আদিবাসীদের জমি, শ্মশান, উপসনালয় সব দখল হয়ে যাচ্ছে; স্বাধীনতার প্রারম্ভিক কালে লক্ষাধিক রাখাইন এ অঞ্চলে বাস করতেন; এখন তাদের সংখ্যা মাত্র আড়াই হাজারে নেমে এসেছে। 'আনপিপলিং'-এর চূড়ান্ত উদাহরণ বাংলাদেশের এই রাখাইন জনগোষ্ঠী।
৯.   নানিয়ার চর: বিজয় দিবস ২০১৪ সকালে রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি-চৌদ্দমাইল এলাকায় তিনটি পাহাড়ি গ্রাম সুরিদাশ পাড়া, বগাছড়ি ও নবীন তালুকদার পাড়ায় আদিবাসীদের ৭টি দোকান ও ৫৪টি বসত বাড়ি জ্বালিয়ে, পুড়িয়ে, কুপিয়ে ক্ষতিগ্রস্থ ও নিঃশেষ করা হয়েছে। আশ্চর্য হবেন যে, আক্রমণ থেকে বুদ্ধ ধর্মের পীঠস্থান কিয়াং পর্যন্ত রক্ষা পায়নি, ভিক্ষুকে পর্যন্ত মারধর করা হয়েছে। উবাসা ভিক্ষু ভয়ে পালায়নি, কিন্তু দেবতা বুদ্ধের মূর্তিকে অসম্মানের হাত থেকে রক্ষা করতে পারেন নি, মূর্তি চুরি হয়েছে, ভূলুন্ঠিত করা হয়েছে। আশি বছরের প্রিয়বালার যাবার জায়গা নেই, দেবরের ছেলে অরূপের আশ্রয়ে আছে। এখন তো আশ্রয়দাতারও আশ্রয় নেই। বাঙালি সেটলারদেরকে পাহাড়ী জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। টিকে থাকার সংগ্রামে তারা জায়গা দখল করে, পুর্নদখল ও জবরদখল চালায়। পাহাড়ীরাও ভুমি উদ্ধার, জমি দখল ঠেকাতে চেষ্টা করে। কিন্তু কার জমি কোনটা এ সমস্যার সমাধান থানায় আর হয় না। প্রথাগত আইন অনুসারে, পাহাড়ের জমির মালিক আদিবাসী জনগণ। সেখানকার প্রথাগত আইনে ভূমি ক্রয়- বিক্রয় - এ মৌজা হেডম্যানের সুপারিশ বাধ্যতামূলক। কিন্তু পুনর্বাসিত বাঙালিরা দখল বা ক্রয়ের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলে না। জেলা প্রশাসন কিংবা সেনাপ্রশাসনও এই নিয়মনীতির তোয়াক্কা করে না। তাই ভূমি সমস্যার সৃষ্টি হয়, টিকে থাকে, জিইয়ে রাখা হয়।
এছাড়া ভূমি সমস্যা নিয়ে খবরের কাগজে ২০১৪ সালে প্রকাশিত আরো কিছু খবর যোগ করা যায়: দৃষ্টির বাইরে সমতলের আদিবাসীরা (প্রথম আলো, ০৯ আগস্ট'১৪); নীরবে বাস্তভিটা ছাড়ছে গারোরা: মধুপুরে অস্তিত্ব সংকটে কোচরা: সিলেটে ভূমি রক্ষার নিরন্তর লড়াই (সমকাল, ০৯ আগস্ট'১৪); ভূমি বিরোধে বান্দরবান, রংপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় ৬ জন নিহত (ডেইলি স্টার, ০৬ ফেব্রুয়ারি'১৪); ভূমির জন্য আদিবাসীদের ওপর সহিংসতা বাড়ছে: আদিবাসীদের তিন হাজার ৮২৬ একর জমি দখল, ২৬ পরিবার উচ্ছেদ, ধর্ষণ, হত্যা, শারীরিক নিগ্রহ, ধর্ষণচেষ্টা ও অপহরণের ঘটনা ৬৭টি (প্রথম আলো, ২৪ ফেব্রুয়ারি'১৪); জামালপুরে জমিসংক্রান্ত বিরোধে আদিবাসী পরিবারে হামলা, বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৭ (জনকণ্ঠ, ০৯ জানুয়ারি'১৪); পাহাড় থেকে পাহাড়ে অনিশ্চিত জীবন: যৌন নিপীড়নের শিকার আদিবাসী নেত্রীর পাশে সংসদীয় ককাসের সদস্যরা (প্রথম আলো, ০৯ আগস্ট'১৪) রাখাইনদের রক্ষার আহ্বান নাগরিক প্রতিনিধি দলের (সমকাল, ০৯ সেপ্টেম্বর'১৪); ভূমি কমিশন চেয়ে চাপাইনবাবগঞ্জে আজ লংমার্চে নামছে আদিবাসীরা (প্রথম আলো, ২৭ আগস্ট'১৪); ভূমি অধিকারের লড়াই বাধাগ্রস্ত করতে ধর্ষণ নির্যাতন চলছে (কালের কন্ঠ, ১৯ আগস্ট'১৪); চাপাইনবাবগঞ্জে আদিবাসী নেত্রীকে ধর্ষণের নেপথ্যে ভূমি বিরোধ: সংসদীয় ককাসের অভিযোগ (প্রথম আলো ১৯ সেপ্টেম্বর'১৪); পাহাড় ও সমতলে আদিবাসিদের জমি দখল করা হচ্ছে: সংবাদ সম্মেলনে সংসদীয় ককাস (সমকাল ১৯ সেপ্টেম্বর'১৪); জমি হারিয়ে দেশান্তরি হচ্ছে ক্ষুদ্রজাতি (কালের কন্ঠ, ০৭ নভেম্বর'১৪) ইত্যাদি।
বলা বাহুল্য এ তালিকা দীর্ঘতর, করুণ, দানবীয় আর অমানবিক।

No comments:

Post a Comment